নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, সাম্প্রতিক এক ফোনালাপে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘পাগল’ বলে উল্লেখ করেছিলেন। তবে তিনি দাবি করেছেন, এটি রাগ থেকে নয়, বরং পরিস্থিতি নিয়ে অসন্তোষের প্রকাশ ছিল।
একটি পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্তে তিনি নেতানিয়াহুর প্রতি বিরক্ত ছিলেন। তার মতে, ওই সময় সংঘাত কমানোর প্রয়োজন ছিল এবং তিনি নেতানিয়াহুকে সেই বার্তাই দিতে চেয়েছিলেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও পরবর্তীতে লেবাননে অভিযান চালিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এ বিষয়টিই দুই নেতার মধ্যে মতবিরোধের কারণ হয়ে ওঠে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই রয়েছে। দুই দেশের স্বার্থ ও কৌশলগত সম্পর্ক অটুট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রই নেতৃত্ব দিয়েছে।
ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সূত্র : রয়টার্স