জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সংসদের প্রতি আস্থা কমবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হবে এবং সংসদের প্রতি আস্থা কমে যেতে পারে।
বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, জনগণ ও সংসদের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম গণমাধ্যম। তাই সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সংসদ ও জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই সংসদের প্রতি মানুষের স্বাভাবিকভাবেই অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে।
দেশের রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত দুই দশকে বিভিন্ন ক্ষেত্রে অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে গণমুখী ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে স্পিকার বলেন, বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছেন। তবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সহযোগিতা জরুরি। বিরোধী দলের দায়িত্ব সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা, আর সরকারের দায়িত্ব সংসদের কার্যক্রমকে ফলপ্রসূ করা।
সভায় বিপিজেএ নেতারা সংসদ রিপোর্টিংয়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্পিকার।