হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামজনিত কারণে এবং বাকি তিনজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২০৫ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৩৬ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং ৬৯ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৬০ জন।
এ পর্যন্ত হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ৬০৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯১ জন এবং উপসর্গজনিত কারণে মারা গেছে ৫১৪ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময়ে সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগটির বিস্তার রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।