ডাবল চিন দূর করতে ঘরেই করুন সহজ কিছু ব্যায়াম

মুখে অতিরিক্ত মেদ জমে গেলে অনেককেই বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখাতে পারে। বিশেষ করে চিবুক বা থুতনির নিচে জমে থাকা মেদ (ডাবল চিন) অনেকের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মেদ কমাতে নিয়মিত ব্যায়াম ও কিছু নির্দিষ্ট যোগাসন অত্যন্ত কার্যকর হতে পারে। শুধুমাত্র মেকআপ দিয়ে এটি ঢেকে রাখা সম্ভব নয়, বরং দীর্ঘমেয়াদে সঠিক অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
থুতনির নিচ থেকে গলা পর্যন্ত চর্বি জমলে তা কমানো তুলনামূলকভাবে কঠিন ও সময়সাপেক্ষ হলেও নিয়মিত শারীরিক অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে উন্নতি আনা সম্ভব।
ফিটনেস বিশেষজ্ঞরা জানান, কিছু সহজ মুখের ব্যায়াম, স্ট্রেচিং এবং যোগাসন নিয়মিত করলে চিবুকের নিচের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। বিশেষ করে যারা সেলফি বা ক্যামেরায় বেশি সময় কাটান, তাদের জন্য এই ব্যায়ামগুলো উপকারী হতে পারে।
সিংহমুদ্রা
হাঁটু মুড়ে বজ্রাসনে বসুন। হাতের তালু ঊরুর উপরে রেখে জিভ যতখানি সম্ভব বার করা যায়, তত দূর বার করুন। এমন করতে করতেই শ্বাস ছাড়ুন এবং মুখে আওয়াজ করতে থাকুন। এই আসনে সিংহের মতো আওয়াজ করতে বলা হয় বলে এর নাম সিংহমুদ্রা।
ভুজঙ্গাসন
উপুড় হয়ে শুয়ে পড়ুন এবং হাত দুটি শরীরের দুই পাশে রাখুন। এ বার হাতের উপর ভর দিয়ে শরীরের সামনের অংশ (কোমর থেকে মাথা) উপরের দিকে তুলুন এবং ছাদের দিকে তাকান। ঘাড়ের পেশিতে টান পড়বে। দৃষ্টি উপরের দিকে থাকবে, এতে চোয়ালের পেশিরও ব্যায়াম হবে।
স্মাইলিং ফিশ পোজ
মাথা পিছন দিকে হেলিয়ে উপরের ঠোঁটকে নীচের ঠোঁট দিয়ে চেপে ধরুন। তার পরে ঠোঁটের বাইরের দিক যথাসম্ভব ছড়িয়ে হাসার চেষ্টা করুন। এই সময়ে দু’হাতের করতল দিয়ে গলার পেশি উপরের দিকে টানুন। গলায় টান লাগলে থেমে যান। আবার করুন। এ ভাবে প্রত্যেক দিন তিন থেকে চার বার এই ব্যায়াম করতে হবে।