বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা আইসিটি, অটোমোবাইল ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার ৩ হাজারের বেশি বাংলাদেশি
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছে বাহিনীটি।

    বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুরের এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।

    তিনি জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঘিরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে এসআরবি-১৩।

    প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আসনটিতে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১৫টিকে অধিক গুরুত্বপূর্ণ এবং ৭০টিকে মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের আগের দিন ২৮ অক্টোবর থেকে ভোটের দিন এবং পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত এসআরবি সদস্যরা মাঠে নিয়োজিত থাকবেন।

    নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করা হচ্ছে। এ জন্য ছয়টি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল মোতায়েন রয়েছে। দলগুলো নির্বাচনি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।

    নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে সন্দেহজনক বস্তু শনাক্ত করতে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। বিস্ফোরকসংক্রান্ত হুমকি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে একটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত তথ্য সংগ্রহে ড্রোন ব্যবহার করা হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে টহল সদস্যদের শরীরে সংযুক্ত ক্যামেরা বা বডি-ওর্ন ক্যামেরাও থাকবে।

    নির্বাচনি নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে চালু করা হয়েছে একটি অপারেশনস কন্ট্রোল রুম। এর মাধ্যমে মাঠপর্যায়ের টহল দলের সঙ্গে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। পাশাপাশি ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

    লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং নাশকতা বা সহিংসতা প্রতিরোধে এসআরবি-১৩ সর্বোচ্চ সতর্ক থাকবে।

    তিনি ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। কোনো সন্দেহজনক বস্তু বা নাশকতার আশঙ্কা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন তিনি।

    দায়িত্ব পালনকারী সদস্যদের নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের কথা জানিয়ে গণমাধ্যমকর্মীদেরও সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এসআরবি-১৩-এর অধিনায়ক।

    তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন