ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর ইঙ্গিত ফ্রান্স অধিনায়কের

২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই স্মরণীয় ঘটনার চার বছর পর আবারও বিশ্বকাপ শুরু হওয়ায় সম্ভাব্য আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল নিয়ে ফুটবল দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে।
এই আলোচনার মধ্যেই হুঙ্কার দিয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও শিরোপা হারানো এই তারকা এবার প্রতিশোধের ইঙ্গিত দিয়েছেন।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর প্রশ্নের জবাবে এমবাপে বলেন, “আমরা সবসময় যেমন থাকি, তেমনি জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ও ক্ষুধার্ত থাকব।”
তিনি আরও বলেন, “আমরা ইতিহাস গড়তে এসেছি। এখনও সেটা করতে পারিনি। আমরা এই বিশ্বকাপ জিততে চাই।”
বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে ফ্রান্স এবারও শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুত।
ফুটবল বিশ্লেষকদের মতে, নকআউট পর্বে দুই দল ভিন্ন গ্রুপে থাকায় তাদের দেখা হওয়ার একমাত্র সম্ভাবনা ফাইনালেই। ফলে আবারও ২০২২ সালের মতো মহারণের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
এমবাপে ও মেসির দ্বৈরথ ইতোমধ্যেই আধুনিক ফুটবলের অন্যতম বড় গল্পে পরিণত হয়েছে। একদিকে ইতিহাস, অন্যদিকে প্রতিশোধ—সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে উত্তেজনা আরও বাড়ছে।