মেসি-ওতামেন্দিবিহীন আর্জেন্টিনায় ডাক পেতে পারেন বোকা ডিফেন্ডার ব্লাঙ্কো

২০২৬ বিশ্বকাপের পর নতুন অধ্যায়ের পথে হাঁটতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর নভেম্বরের আন্তর্জাতিক সূচিতে নতুন কিছু মুখকে সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। সেই তালিকায় আলোচনায় রয়েছেন বোকা জুনিয়র্সের ডিফেন্ডার লাউতারো ব্লাঙ্কো।
৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে বছরের শেষ ফিফা আন্তর্জাতিক উইন্ডো। এই সময়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য নতুনদের মধ্যে ব্লাঙ্কোর নাম রয়েছে। সুযোগ পেলে জাতীয় দলে এটি হবে তার দ্বিতীয় ডাক।
এর আগে ২০২৩ সালে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছিলেন ব্লাঙ্কো। তবে সেই সফরে মাঠে নামার সুযোগ হয়নি তার। তখন তিনি স্প্যানিশ ক্লাব এলচের হয়ে খেলছিলেন এবং সেখানেই স্কালোনির নজরে আসেন।
পরবর্তী সময়ে বোকা জুনিয়র্সে যোগ দিয়ে নিয়মিত খেলার সুযোগ পান এই ডিফেন্ডার। ক্লাবটির হয়ে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও অবদান রাখছেন তিনি। বিশেষ করে তার ক্রস প্রতিপক্ষের রক্ষণে নিয়মিত চাপ তৈরি করে। শারীরিক সক্ষমতা ও চোটমুক্ত থেকে ধারাবাহিকভাবে খেলার সামর্থ্যও তাকে জাতীয় দলের বিবেচনায় রাখার অন্যতম কারণ।
বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার পর ব্লাঙ্কো ১২১ ম্যাচে অংশ নিয়েছেন। এ সময়ে তার গোল দুটি এবং অ্যাসিস্ট ১৯টি। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তিন বছর পর আবারও জাতীয় দলের দরজা তার জন্য খুলতে পারে বলে মনে করা হচ্ছে।
বোকা জুনিয়র্সের আরেক তরুণ খেলোয়াড় টমাস আরান্দাকেও স্কালোনির পরিকল্পনায় রাখা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলে নতুন মুখ হিসেবে বিবেচনায় ছিলেন। তবে আগস্টের শেষ দিকে অনুশীলনে পাওয়া চোটের কারণে আগামী বছর পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।
নভেম্বরের দল ঘোষণাকে ঘিরে আগ্রহের আরেকটি কারণ মেসি ও ওতামেন্দির অনুপস্থিতি। ২০২৬ বিশ্বকাপের পর তাদের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। একই সময়ে বিশ্বকাপ-পরবর্তী সময়ে স্কালোনি দায়িত্বে থাকবেন কি না, সেটিও আলোচনায় রয়েছে।
সব মিলিয়ে নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডো আর্জেন্টিনার জন্য হতে যাচ্ছে নতুন খেলোয়াড়দের পরখ করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। মেসি-ওতামেন্দির পরবর্তী সময়ে দলের কাঠামোয় কারা জায়গা করে নেন, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।