সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশকে ‘জাহান্নামে পরিণত করেছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার পরিবর্তে আওয়ামী লীগ গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, মুক্তিযুদ্ধের পর মানুষের প্রত্যাশা ছিল স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নেওয়া। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাঁর অভিযোগ, সে সময় গণতন্ত্র হত্যা, মানুষের মৌলিক অধিকার হরণ এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। না খেয়ে মানুষের মৃত্যুর পাশাপাশি ঢাকার রাস্তায় বেওয়ারিশ লাশ পড়ে থাকতে দেখা যেত। তখন বেওয়ারিশ লাশ দাফনের কাজের মধ্য দিয়ে পরিচিতি পায় অঞ্জুমানে মফিদুল ইসলাম।
বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটে দলটি মানুষের পাশে থেকেছে। এ কারণে জনগণও বিএনপির পাশে দাঁড়িয়েছে। তাঁর দাবি, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় বিএনপির ওপরই মানুষের আস্থা রয়েছে।
আওয়ামী লীগের উদ্দেশে আবদুস সালাম বলেন, গাড়ি পোড়ানো বা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কোনো অর্জন সম্ভব নয়। বাংলাদেশের মানুষ আন্ডারগ্রাউন্ড রাজনীতি ও সন্ত্রাসকে সমর্থন করে না। তাঁর ভাষ্য, বিএনপির নেতা-কর্মীদের ওপর ১৭ বছর ধরে নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটলেও দলটি গোপন রাজনীতির পথে যায়নি; বরং জনগণের পাশে থেকে আন্দোলন ও জনমত গড়ে তুলেছে। শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।
বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন ও বিরোধী দলের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের সংকট নিয়ে বিএনপিও একসময় স্লোগান দিয়েছে। কিন্তু তারেক রহমান দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলবেন, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। এসব সংকট কাটাতে সময় প্রয়োজন। তাঁর অভিযোগ, দেশ অস্থিতিশীল করার কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ তৈরি করা হচ্ছে।
যাঁরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন, তাঁদের ধৈর্য ধরার আহ্বান জানান আবদুস সালাম। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পরবর্তী নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলকে দায়ী করে তিনি বলেন, ১৭ বছরে নতুন গ্যাসকূপ খনন এবং সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। ধৈর্য ধরলে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আবদুস সালাম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন।
ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমিরসহ অনেকে।