হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) ১৫তম আসরে গ্র্যান্ড পুরস্কার জিতেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই সর্বোচ্চ স্বীকৃতি পেলেন তিনি। ‘ফ্যামিলি’ বা পরিবার থিমে ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফিউচার মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দুবাইভিত্তিক হিপা প্রতিযোগিতার গ্র্যান্ড পুরস্কারকে আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।
পিনু রহমানের পুরস্কারজয়ী ছবিতে উঠে এসেছে ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের গল্প। ছবিতে দেখা যায়, আগুনে ঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি, সম্পদ ও আশ্রয় হারানোর পরও পরিবারের সদস্যদের মধ্যকার ভালোবাসা ও বন্ধন যে অটুট থাকে, সেই মানবিক অনুভূতিই ছবিতে তুলে ধরেছেন আলোকচিত্রী।
এ আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে পিনু রহমান বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’
পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁর বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।
এবারের হিপা প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘ফ্যামিলি’। পরিবারকে কেবল মানুষের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর অর্থে দেখার আহ্বান জানিয়েছিল আয়োজক কর্তৃপক্ষ। মানুষের পাশাপাশি উদ্ভিদ, খনিজ পদার্থের গঠন এবং সময়ের সঙ্গে তৈরি হওয়া বিভিন্ন উপাদানের মধ্যেও পারস্পরিক সংযোগ ও একাত্মতার গল্প তুলে ধরার সুযোগ ছিল প্রতিযোগিতায়।
চলতি বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে আরও কয়েকটি স্বীকৃতি পেয়েছেন পিনু রহমান। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের ছবির জন্য পেয়েছেন প্রথম পুরস্কার। ওই ছবিতে মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করতে দেখা যায় এক বৃদ্ধ পাটশ্রমিককে।
এ ছাড়া সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শিরোনামের ছবির জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পেয়েছেন তিনি।
হিপার এবারের আসরে মূল থিম ‘ফ্যামিলি’র পাশাপাশি আরও চারটি বিভাগ ছিল। এগুলো হলো স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও (স্টোরি-টেলিং), জেনারেল এবং নতুন বিভাগ ‘ড্রিমস থ্রু এআই’।
হিপার ১৪তম আসরের মূল বিষয় ছিল ‘পাওয়ার’ বা শক্তি। সে আসরে ইতালির আলোকচিত্রী জানলুকা জানফেরারি সিসিলি দ্বীপের এননা অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছবি তুলে গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন।
এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এ ছাড়া বিভিন্ন সময়ে প্রতিযোগিতার অন্যান্য বিভাগ ও বিশেষ সম্মাননা পেয়েছেন আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী। পিনু রহমানের গ্র্যান্ড পুরস্কার জয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আলোকচিত্রের অবস্থানকে আরও উজ্জ্বল করল।