আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, তাঁরা যদি হামলার প্রথম লক্ষ্য হন, তাহলে বিএনপিও পরবর্তী লক্ষ্য হতে পারে। তাঁদের পরিবারের ওপর হামলা হলে ফ্যাসিবাদী শক্তির হাতে বিএনপির পরিবারও আক্রান্ত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনা তুলে ধরে এ বিষয়ে আলোচনার অনুরোধ জানিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, দেশে ধারাবাহিকভাবে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ঘটনা ঘটেছে। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করা হয়েছে। এমনকি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের ওপরও হামলা হয়েছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে হামলার ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।