বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা এজ্জাহরা এল মানসুরি। বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে মধ্যপন্থি ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম) সবচেয়ে বেশি আসনে জয় পাওয়ার পর দলটির নেত্রী এল মানসুরিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে আরব বিশ্বে দ্বিতীয় নারী সরকারপ্রধান হলেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ৫০ বছর বয়সী এল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন বাদশাহ। তিনি বর্তমানে নগর পরিকল্পনামন্ত্রী এবং মারাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়োগের পর টেলিভিশনে দেওয়া বক্তব্যে এল মানসুরি বলেন, তার নিয়োগ মরক্কোর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে এই প্রথম কোনো নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্যই গর্বের বিষয়।’

নির্বাচনে পিএএম প্রতিনিধি পরিষদের ৩৯৫টি আসনের মধ্যে ৯৭টি পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৯৮টি আসন। ফলে প্রধানমন্ত্রী হিসেবে এল মানসুরির প্রথম বড় দায়িত্ব হবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে জোট গঠন করা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফুয়াদ আলি এল হিম্মা ২০০৮ সালে পিএএম প্রতিষ্ঠা করেন। দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তবে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) এবং ফেডারেশন অব ডেমোক্র্যাটিক লেফটসহ কয়েকটি দল বিরোধী দলে থাকার কথা জানিয়েছে।

নতুন সরকার যে জোটের মাধ্যমে গঠিত হবে, তাদের সামনে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের বিনিয়োগ ব্যবস্থাপনার বিষয়টিও থাকবে। মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে।

আরব বিশ্বে এল মানসুরি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তিউনিসিয়ায় নাজলা বুদেন ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৬ সালে মারাকেশে জন্ম নেওয়া এল মানসুরি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ফ্রান্সের মন্টপেলিয়ের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষার ডিপ্লোমা এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাংলো-স্যাক্সন ব্যবসায়িক আইনে ডিপ্লোমা অর্জন করেন তিনি।

স্থানীয় সরকার দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০০৯ সালে মারাকেশের মেয়র নির্বাচিত হয়ে শহরটির প্রথম নারী মেয়র হন এল মানসুরি। প্রথম মেয়াদ শেষে ২০২১ সালের নির্বাচনে আবারও মারাকেশের পৌর পরিষদের নেতৃত্বে ফেরেন তিনি।

একাধিক মেয়াদে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এল মানসুরি। ২০২১ সালের অক্টোবরে জাতীয় সরকারে যোগ দিয়ে জাতীয় ভূখণ্ড পরিকল্পনা, নগর উন্নয়ন, আবাসন ও নগর নীতিমন্ত্রীর দায়িত্ব পান।

মন্ত্রী থাকাকালে সরাসরি আবাসন সহায়তা কর্মসূচি, নগর পরিকল্পনা ও ভূখণ্ড উন্নয়নসংক্রান্ত সংস্কার এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।

সূত্র: আল জাজিরা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন