মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি: জেলেনস্কি

রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি: জেলেনস্কি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার ভূখণ্ডে বর্তমানে উত্তর কোরিয়ার ৮ হাজারের বেশি সেনা অবস্থান করছে। এ ছাড়া আরও প্রায় ১০ হাজার সেনাকে রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি ‘নতুন তথ্যের’ বরাত দিয়ে বলেন, উত্তর কোরিয়ার এসব সেনাকে রাশিয়ায় পাঠানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের রাশিয়ায় মোতায়েনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এর আগে গত আগস্টে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া সর্বোচ্চ ৫০ হাজার সেনা পাঠাতে পারে। একই সময়ে তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চেয়েছিলেন।

গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ইউক্রেনের জন্য ১০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করে। তবে ওই সহায়তায় প্রাণঘাতী অস্ত্র অন্তর্ভুক্ত ছিল না।

জেলেনস্কির সর্বশেষ মন্তব্য এমন সময় এসেছে, যখন উত্তর কোরিয়ার দুই সেনাকে হস্তান্তরের বিষয়টি নিয়ে সম্প্রতি ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। গত সপ্তাহে জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনে আটক দুই উত্তর কোরীয় সেনাকে দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে সিউল এ ঘোষণায় অসন্তোষ প্রকাশ করে। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, ওই দুই সেনার হস্তান্তরের বিষয়টি গোপন রাখার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর এমন কোনো সমঝোতার কথা অস্বীকার করলেও দক্ষিণ কোরিয়া এ বক্তব্যের প্রতিবাদ জানায়।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য উত্তর কোরিয়া আনুমানিক ১৪ হাজার থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে। তাদের বেশির ভাগকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সেখানে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি ঠেকাতে রুশ সেনাদের সহায়তা করছে তারা।

এ ছাড়া ইউক্রেন ও বিভিন্ন স্বাধীন মূল্যায়নে বলা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়াকে বিপুল পরিমাণ গোলা ও মর্টারের গোলা সরবরাহ করেছে। এর পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার কামান ব্যবস্থা এবং একাধিক রকেট উৎক্ষেপণব্যবস্থাও রাশিয়াকে দিয়েছে পিয়ংইয়ং।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন