মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী

তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনই তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচক রয়েছে এবং উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। প্রায় এক ঘণ্টার বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা বৈঠকে তুলে ধরা হয়েছে।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে সামগ্রিক আলোচনা নিয়ে তিনি ইতিবাচক মনোভাবের কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে।’

তিনি জানান, ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে দেওয়া সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। দুই দেশের সরকারপ্রধান যখন উপযুক্ত মনে করবেন, তখনই সফরটি অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দীনেশ ত্রিবেদীর ভাষ্য, দুই দেশের সরকারপ্রধানের বৈঠক নিয়ে এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন দেখছেন না তারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন