মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে এলএনজি পাঠাতে পারবে না কাতার

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে এলএনজি পাঠাতে পারবে না কাতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হরমুজ প্রণালির সংকটের কারণে আগামী নভেম্বর পর্যন্ত বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতারএনার্জি এর আগে অক্টোবর পর্যন্ত ‘ফোর্স মেজর’ ঘোষণা করলেও এবার এর মেয়াদ আরও এক মাস বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করেছে।

কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে চুক্তির শর্ত অনুযায়ী সরবরাহ বা ব্যবসায়িক দায়বদ্ধতা পূরণ করা সম্ভব না হলে ‘ফোর্স মেজর’ ঘোষণা করা হয়। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চুক্তি ভঙ্গের দায় থেকে নির্দিষ্ট পরিস্থিতিতে অব্যাহতি পেতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইতালির এডিসন এবং বাংলাদেশ ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাকে এ বিষয়ে নোটিশ পাঠিয়েছে কাতারএনার্জি। দুটি বাণিজ্যিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, বাংলাদেশকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি বন্ধ হয়ে যাওয়ায় কাতারের এলএনজি রপ্তানি কার্যক্রমও বড় ধরনের বাধার মুখে পড়ে।

কাতারএনার্জি গত এপ্রিলে প্রথমবার ‘ফোর্স মেজর’ নোটিশ দেয়। পরে এর মেয়াদ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার তা আরও এক মাস বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ কাতারের এলএনজি রপ্তানি প্রায় ৯৬ শতাংশ কমে গেছে। ওই সময় পর্যন্ত দেশটি মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে রপ্তানি করা হয়েছিল ৫০৯টি কার্গো।

এদিকে শীত মৌসুম সামনে থাকায় ইউরোপে গ্যাসের চাহিদা বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে ইউরোপের ক্রেতাদের পাশাপাশি এশিয়ার দেশগুলোকেও বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের জন্য প্রতিযোগিতা করতে হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়ার চাপ তৈরি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন