বাড়ি দখল-চাঁদাবাজির মামলায় অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে মামলার দুই আসামি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে আদাবর থানার নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, শ্যামলী হাউজিংয়ের ৮ নম্বর সড়কের একটি বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর আদাবর থানায় মামলা করা হয়। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল।
ওসি বলেন, সোমবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ের একটি ফাঁকা জায়গায় অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা করেন বলে জানান ওসি। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের শটগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগার নামে দুজন পায়ে গুলিবিদ্ধ হন।
পরে ঘটনাস্থল থেকে রাজিব, সাগর, শাকিব ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। অন্যরা সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে স্টিলের তৈরি ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। এ ছাড়া শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে।
গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।