নিউ গিনি প্রোপার্টিজে হামলা: এজাহারভুক্ত জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পশ্চিম মাটিকাটায় নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার এ এফ এম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির এই কর্মকর্তা জানান, মিজানুরকে গ্রেপ্তারের সময় সংসদ সদস্য আব্দুল গফুরও বাসায় উপস্থিত ছিলেন। তবে মিজানুরের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে।
নিউ গিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় করা মামলায় মিজানুর রহমানকে এজাহারভুক্ত ৯ নম্বর আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে ডিবি দুজনকে এবং ক্যান্টনমেন্ট থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় প্রকল্পের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা ও ভাঙচুর করা হয়।
ঘটনার পর নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে আবাসন প্রকল্পের জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।