রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯৯ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৯৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদকদ্রব্য, ৩৫ লাখ টাকার বাংলাদেশি জালনোটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক ও অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা হয়েছে।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, তেজগাঁও বিভাগ থেকে সবচেয়ে বেশি ১০১ জন এবং মিরপুর বিভাগ থেকে ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৮৩ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, উত্তরা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, গুলশান বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ২৭ জন গ্রেফতার হয়েছেন।
অন্যদিকে, গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১২৫টি ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৪৭ হাজার টাকা এবং মাদক মাপার একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়।
এ ছাড়া জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ৩৫ লাখ টাকার বাংলাদেশি জালনোট, পরিত্যক্ত অবস্থায় পাওয়া পাঁচ রাউন্ড গুলির খোসা, তিনটি ধারালো ছোরা, একটি মোটরসাইকেল, ১১টি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।