২৫ মামলার আসামি পিচ্চি রাজা পালালেন, বরখাস্ত ৫ পুলিশ

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তিনি বলেন, আসামি পালানোর ঘটনায় প্রিজনভ্যানের চালকসহ দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য প্রিজনভ্যানে করে পিচ্চি রাজাকে ঢাকায় আনা হয়। আদালতে হাজিরা শেষে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল।
ফেরার পথে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার অনুমতি চান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ পেয়ে তিনি পালিয়ে যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হচ্ছিল। নাওজোড় এলাকায় প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে গেলে সেখান থেকেই তিনি পালিয়ে যান।
মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। তিনি, তাঁর স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁদের হেফাজতে নেওয়া হয়।
সূত্রটি আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।