শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪
  • তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ

    তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর কারাগারে থাকাকালে নির্যাতনের শিকার হয়েছেন—এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে রাতে বন্দিদের কারাগারের বাইরে নিয়ে গিয়ে ভোরে ফিরিয়ে আনার অভিযোগও নাকচ করেছে তারা।

    শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, তানভীরের অভিযোগগুলো যাচাই-বাছাই করে তারা এমন কোনো ঘটনার সত্যতা পায়নি। কর্তৃপক্ষের দাবি, বগুড়া জেলা কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে তানভীর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হননি। তার সঙ্গে কোনো কারা কর্মকর্তা বা কর্মচারী অসদাচরণও করেননি।

    কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট বগুড়া জেলা কারাগারে নেওয়ার পর তানভীর সেখানে আটক ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কারণে চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৭ সেপ্টেম্বর ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় তাকে। এরপর ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

    এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারাগার ও পুলিশ হেফাজতে থাকার সময় নির্যাতনের অভিযোগ করেন তানভীর।

    তার দাবি, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগার ও পুলিশ হেফাজতে বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়েছে। চিকিৎসার নামে তাকে অজ্ঞাত ওষুধ দেওয়া এবং ৭০ থেকে ৮০টি ইনজেকশন প্রয়োগের অভিযোগও করেন তিনি।

    তানভীর আরও বলেন, বগুড়া জেলা কারাগারে তাকে অপরিচ্ছন্ন, আলো-বাতাস কম এমন একটি সেলে রাখা হয়েছিল। এ ছাড়া কারাগারে আওয়ামী লীগের নেতাদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, রাতে তাদের গাড়িতে করে কারাগারের বাইরে নিয়ে যাওয়া হতো এবং ভোরে আবার ফিরিয়ে আনা হতো।

    তবে তানভীরের এসব বক্তব্যের সঙ্গে একমত নয় বগুড়া কারা কর্তৃপক্ষ। তাদের দাবি, বগুড়া জেলা কারাগারে কোনো বন্দিকে রাতে বাইরে নিয়ে গিয়ে ভোরে ফিরিয়ে আনার ঘটনা ঘটেনি। এ ধরনের অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত’ বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

    সংবাদ বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের বক্তব্যের কারণে কারা বিভাগ সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তানভীরের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে কারাগারের মতো সংবেদনশীল একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন