হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন চট্টগ্রাম বিভাগের।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৫৮১ জন, চট্টগ্রামে ২৪৮, সিলেটে ১৭৫, খুলনায় ১৪৫, বরিশালে ১২৩, ময়মনসিংহে ১০৭, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।
এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। তাঁদের মধ্যে ২৪ হাজার ৬১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।