বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের খবর নিশ্চিত করেছেন প্রবাসী ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে তিনি বিয়ের কথা স্বীকার করেন। এ সময় বিয়েতে পরা নিজের পাঞ্জাবি ও পারশার শাড়িও দেখান তিনি।
গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আসাদ নূর ও পারশার বিয়ে নিয়ে নানা আলোচনা চলছিল। তবে তাঁদের কেউই এত দিন বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি। মঙ্গলবারের লাইভে আসাদ নূর জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবি ও ভিডিওতে থাকা পাত্র তিনিই। বিয়ের পোশাক দেখিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ও পারশা বিয়ে করেছি। এই সেই পাঞ্জাবি এবং এই সেই বিয়ের শাড়ি।’
এত দিন বিয়ের খবর সরাসরি প্রকাশ না করার পেছনে পরিকল্পনা ছিল বলে জানান আসাদ নূর। তাঁর ভাষ্য, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা, ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল পর্যবেক্ষণ করা এবং উগ্র মানসিকতার মানুষের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করাই ছিল তাঁদের উদ্দেশ্য।
তিনি জানান, পাঞ্জাবির নকশা, শাড়ির আঁচল, ছবির পটভূমি এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিভিন্ন সূত্র বা ‘ক্লু’ ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয়েছিল। এসব সূত্রের মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া দেখার পরিকল্পনা ছিল তাঁদের।
লাইভে আসাদ নূর ব্যক্তিগত জীবন ও অন্যের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের অতিরিক্ত আগ্রহ এবং মন্তব্যের ভাষা নিয়েও সমালোচনা করেন। এ প্রসঙ্গে তিনি তাঁদের উদ্ধার করা ‘লম্বকর্ণ’ (মন্টু) নামের একটি মাতৃহীন বিড়ালছানার কথা তুলে ধরেন। পারশার প্রোফাইলে বিড়ালছানাটির ভিডিও প্রকাশের পর কিছু নেটিজেনের আপত্তিকর মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতেও তাঁরা বিভিন্ন সূত্র ছড়িয়ে দিয়েছিলেন।
পারশার পরিবার ও বেড়ে ওঠা প্রসঙ্গে আসাদ নূর জানান, পারশা পরিবারের একমাত্র সন্তান। তাঁর বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার, যোগ্যতা ও অর্জনের প্রতি সম্মান রেখেই তাঁরা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নিজেদের সম্পর্কের ভিন্নতা তুলে ধরে আসাদ নূর বলেন, তাঁরা দুজন ভিন্ন মেরুর মানুষ। কাজের ক্ষেত্র, চিন্তাভাবনা ও অবস্থানে পার্থক্য থাকলেও মনের মিল থাকলে ভূগোল, ভাষা, বর্ণ কিংবা পেশা সম্পর্কের ক্ষেত্রে বাধা হতে পারে না। এই বিয়ের মধ্য দিয়ে সমাজের দীর্ঘদিনের কিছু প্রচলিত ধারণা ভাঙতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।