শ্রীলঙ্কার নাইন আর্চ ব্রিজে প্রভা, একাই ঘুরছেন পাহাড়ি সৌন্দর্যে

অভিনয়ে বেশ কয়েক বছর ধরেই অনিয়মিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজের ব্যস্ততার বাইরে নিজের পছন্দমতো জীবন কাটাচ্ছেন তিনি। আর সেই জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে ভ্রমণ। কখনো পরিবার ও বন্ধুদের সঙ্গে, আবার কখনো একাই দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়ান এই অভিনেত্রী।
সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিতে কালো পোশাক ও সানগ্লাসে তাঁকে দেখা গেছে শ্রীলঙ্কার মনোরম এক পর্যটনকেন্দ্রে। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি জায়গাটির ঐতিহাসিক স্থাপনাও ছবিগুলোতে বিশেষভাবে নজর কেড়েছে।
প্রভার পোস্ট থেকে জানা গেছে, ছবিগুলো শ্রীলঙ্কার বিখ্যাত নাইন আর্চ ব্রিজে তোলা। দেশটির পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝখানে অবস্থিত এই সেতু পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো পেছনে সেতুটিকে রেখে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কা ভ্রমণে যান প্রভা। গত ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিও বার্তায় একা ভ্রমণের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি।
ভিডিওতে প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে, একা একা ঘুরতে বিরক্ত লাগে কি না। কীভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এ রকম হয়। আর আমার বন্ধুগুলো একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তাছাড়া একশ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’
প্রভার এই বক্তব্যে একা ভ্রমণের প্রতি তাঁর আগ্রহের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। প্রকৃতির কাছাকাছি সময় কাটানো এবং নতুন জায়গা আবিষ্কারের অভিজ্ঞতা উপভোগ করতেই যে তিনি একা ঘুরতে পছন্দ করেন, তা তাঁর কথাতেই উঠে এসেছে।