ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোহেল নামের এক চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগ-এর সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সোহেল জানান, তিনি আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের এক শিক্ষকের গাড়ি চালান। ঘটনার সময় ওই শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চালকের আসনে বসে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এ সময় হঠাৎ গাড়ির সামনের কাচে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার লাগে এবং তিনি রক্তাক্ত হন।
সোহেল বলেন, ভিডিও কলে তাঁর আহত হওয়ার দৃশ্য দেখে স্ত্রী কান্নাকাটি শুরু করেন। বিস্ফোরণের পর থেকে বুকে চাপ অনুভব করছেন এবং কানে কম শুনতে পাচ্ছেন বলেও জানান তিনি।
কীভাবে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা দেখতে পাননি সোহেল। তাঁর ভাষ্য, স্ত্রীর সঙ্গে কথা বলার সময় হঠাৎ ওপর দিক থেকে এসে ককটেলটি গাড়ির কাচে আঘাত করে বিস্ফোরিত হয়।
সোহেলের বাবার নাম আব্দুল মতিন। তাঁদের বাড়ি কুমিল্লার তিতাস এলাকায়। বর্তমানে তিনি ঢাকার যমুনা ফিউচার পার্কের কাছে একটি বাসায় থাকেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সোহেলের চাচাতো ভাই কাউসার আহমেদ। তিনি বলেন, সোহেলের সঙ্গে কারও শত্রুতা নেই। তাহলে কেন তাঁকে লক্ষ্য করে এ ধরনের বিস্ফোরণ ঘটানো হলো, তা বুঝতে পারছেন না তাঁরা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তরা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।