গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদারের আশ্বাস

সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির বিষয়টি স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বাজারে নির্ধারিত দাম কার্যকর করতে তদারকি ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক অভিযোগ করেন, সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একই সঙ্গে হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে বাজার তদারকিতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার যে দামকে যৌক্তিক মনে করে নির্ধারণ করেছে, কোনো কোনো এলাকায় তার চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে। সরবরাহেও কিছুটা সমস্যা রয়েছে। কোনো পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হলে কখনো কখনো বাজারে সরবরাহসংকট দেখা দিতে পারে।
তিনি বলেন, নির্ধারিত দাম কার্যকর করতে বাজার তদারকি ও মনিটরিং প্রয়োজন। এ বিষয়ে কার্যক্রম চলছে। জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে তাঁর মন্ত্রণালয়ের বৈঠকও হয়েছে। তবে এরপরও নির্ধারিত দাম কার্যকর না হলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—প্রায় তিন মাস ধরে সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা, এমনকি কোথাও ১ হাজার টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন আরেক সাংবাদিক। সরকার কেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, অতিরিক্ত দামে বিক্রির পেছনে সরবরাহসংকট থাকতে পারে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার আশঙ্কা থেকেও আমদানিকারকদের মধ্যে এমন প্রবণতা তৈরি হতে পারে। বর্তমানে বৈশ্বিক জ্বালানির বাজার বেশ অনিশ্চিত।
চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বাজার অর্থনীতিতে শুধু তদারকি করে সব সময় কার্যকর ফল পাওয়া যায় না। এ ক্ষেত্রে সরকারের প্রধান করণীয় হলো বাজারে সরবরাহ বাড়ানো। এ লক্ষ্যে চালের বাফার স্টক বা মজুত সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘পুলিশ পাঠিয়ে কাজ করাটা আসলে কার্যকর হয় না। আমরা যদি বাজারে সরবরাহ বাড়াতে পারি, তবে সেটা হবে কার্যকর এবং আমরা সেই চেষ্টা করব।’