মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • যাচাই ছাড়াই বিশ্ববিদ্যালয়ের অনুমতি, বেড়েছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি

    যাচাই ছাড়াই বিশ্ববিদ্যালয়ের অনুমতি, বেড়েছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিগত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানহীন এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছে।

    মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে আইইউবির ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রাষ্ট্রপতি বলেন, একটি দেশের উচ্চশিক্ষার সাফল্য বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং সম্মানজনক কর্মসংস্থানের সুযোগই বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রকৃত মাপকাঠি। দেশের শিক্ষাব্যবস্থাকে বর্তমান দুরবস্থা থেকে বের করে আনতে হবে।

    দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধারার মধ্যে বিভাজন এবং শিক্ষার সুযোগ, মান ও অর্জিত দক্ষতায় বৈষম্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব বৈষম্য দূর করতে বিভিন্ন ধারার মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তাঁর মতে, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার মান উন্নীত করার পাশাপাশি নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যও ধরে রাখতে হবে।

    উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করতে হবে। ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো প্রয়োজন। তরুণদের কেবল চাকরিপ্রার্থী নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির কারণে কর্মজগত দ্রুত বদলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে যেসব জ্ঞান ও দক্ষতা কাজে লাগছে, কয়েক বছর পর সেগুলোর পরিবর্তে নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে। তাই শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না। নতুন কিছু শেখার আগ্রহ, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তৈরি করতে হবে।

    প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার যেন মানুষের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল না করে, সে বিষয়েও সতর্ক করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

    সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন কেবল সনদ গ্রহণের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকারও। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।

    তিনি আরও বলেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাঁদের শিক্ষার পেছনে পরিবার ও রাষ্ট্রের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাই তাঁদের কাছ থেকে দেশ ও পরিবারের প্রত্যাশাও অনেক। একজন স্নাতকের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয়; অন্যের জীবনে তিনি কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, সেটিও গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষার্থীদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন