জন্মদিনে স্বামী রণবীরকে কোলে তুলে শুভেচ্ছা আলিয়ার

বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন ব্যস্ত সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার প্রচারে। কাজের ব্যস্ততার মাঝেও বিশেষ দিনটি নিজেদের মতো করে উদযাপন করেছেন তারা।
সোমবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। এ উপলক্ষে স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আলিয়া ভাট। জন্মদিনের বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই ধরা পড়েছে তাদের ঘনিষ্ঠ ও খুনসুটির মুহূর্ত।
একটি ছবিতে দেখা যায়, ঘরের এক কোণে রাখা আর্মচেয়ারে বসে থাকা রণবীরকে কোলে তুলে জড়িয়ে ধরে আছেন আলিয়া। কালো স্লিভলেস পোশাকে রণবীর এবং লাল পোশাকে আলিয়াকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবিটির সঙ্গে আলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি’।
ছবিগুলো প্রকাশের পরপরই তা ভক্তদের নজর কাড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারকা দম্পতির এই মুহূর্ত নিয়েও আলোচনা শুরু হয়।
২০২২ সালে বিয়ের পর রণবীর-আলিয়ার সংসারে এসেছে মেয়ে রাহা। ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দুজনই ব্যস্ত সময় পার করছেন।
বর্তমানে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তারা। সিনেমাটিতে রণবীর ও আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন ভিকি কৌশলও। এদিকে রণবীর কাপুর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পাশাপাশি বহুল আলোচিত ‘রামায়ণ’ সিনেমাতেও প্রধান চরিত্রে অভিনয় করছেন।