অ্যালেন স্বপনের তৃতীয় কিস্তি নিয়ে যা জানালেন নির্মাতা-প্রযোজক

‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে দর্শকের নজর কাড়া চরিত্র অ্যালেন স্বপনকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। চরকির জনপ্রিয় এই চরিত্রকে কেন্দ্র করে নির্মিত ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় কিস্তি আসছে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সংলাপ ও নাসির উদ্দিন খানের অভিনয়ে চরিত্রটি দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০২২ সালে চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এ প্রথমবার অ্যালেন স্বপনের দেখা মেলে। পরে দর্শকের আগ্রহের কারণে চরিত্রটিকে কেন্দ্র করে নির্মিত হয় স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
সিরিজটির প্রথম দুই মৌসুম দর্শকের মধ্যে সাড়া ফেলার পর তৃতীয় মৌসুম নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিস্তি আসার খবর ছড়িয়ে পড়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি চরকি।
তৃতীয় মৌসুমের বিষয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, এখনই এ নিয়ে বিস্তারিত জানানোর সময় আসেনি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে নতুন কিস্তি নির্মিত হলে সেটি চরকি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন তিনি।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রযোজক রেদওয়ান রনিও নতুন কিস্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ চরকির অন্যতম গুরুত্বপূর্ণ অরিজিনাল প্রজেক্ট। দীর্ঘদিন ধরেই এর নতুন কিস্তি নিয়ে কাজ চলছে।
রেদওয়ান রনি বলেন, শিহাব শাহীন ও চরকির ক্রিয়েটিভ টিম তৃতীয় কিস্তির কাজ এগিয়ে নিচ্ছে। বিশেষ করে চিত্রনাট্য তৈরিতে পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে। শুটিং ও মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এর আগে ২০২৩ সালের ঈদুল ফিতরে শিহাব শাহীনের পরিচালনায় ও রেদওয়ান রনির প্রযোজনায় চরকিতে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম মৌসুমের সাফল্যের পর ২০২৫ সালের ৩০ মার্চ মুক্তি পায় দ্বিতীয় মৌসুম। সিরিজটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারে শ্রেষ্ঠ ওয়েব ধারাবাহিকের স্বীকৃতিও পায়।
তৃতীয় মৌসুমে অ্যালেন স্বপন চরিত্রে নাসির উদ্দিন খানই থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ারসহ আগের মৌসুমের কয়েকজন শিল্পীর পাশাপাশি নতুন মুখও যুক্ত হতে পারেন।
তবে শুটিং বা মুক্তির নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি। ফলে দর্শকদের আপাতত অপেক্ষা করতে হচ্ছে চরকি ও নির্মাতার আনুষ্ঠানিক ঘোষণার জন্য।