তৌসিফ-শ্রেয়াকে নিয়ে ভিকি জাহেদের ‘প্রাণভোমরা’

ভিকি জাহেদের ‘চক্র’ সিরিজের মাধ্যমে ২০২৪ সালে ওটিটিতে অভিষেক হয় তৌসিফ মাহবুবের। একই নির্মাতার ‘চক্র ২’-এও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। এবার আবারও ভিকি জাহেদের পরিচালনায় নতুন ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেতাকে। ‘প্রাণভোমরা’ নামের সিরিজটিতে তার সঙ্গে জুটি বাঁধছেন শ্রেয়সী শ্রেয়া। এটি শ্রেয়ার প্রথম ওয়েব কনটেন্ট। সিরিজটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য।
হরর ও সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী কাজের জন্য পরিচিত ভিকি জাহেদ এবার গল্প বলছেন ভিন্ন আবহে। গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘প্রাণভোমরা’র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সেখানে নির্মাতা জানান, প্রেমের গল্পের সঙ্গে মিথোলজিক্যাল থ্রিলারের সমন্বয় থাকছে সিরিজটিতে।
সিরিজটি নিয়ে ভিকি জাহেদ বলেন, এটি মূলত একটি রোমান্টিক মিথোলজিক্যাল থ্রিলার। পুরোনো একটি মিথকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। রূপকথার প্রচলিত গল্পে যেমন দৈত্য বা দানবের প্রাণ শরীরে না থেকে অন্য কোথাও লুকিয়ে থাকার কথা বলা হয়, সেই ধারণাকেই আধুনিক প্রেক্ষাপটে নতুনভাবে উপস্থাপন করা হবে।
তার ভাষ্য, “ঠাকুমার ঝুলিতে যেমন আমরা একটি মিথোলজি পড়েছি—দৈত্য বা দানবকে মারা যাবে না, যতক্ষণ না তার প্রাণভোমরাকে মারা হয়। সেই প্রাণভোমরা থাকত সাত সমুদ্র, তেরো নদী পার হয়ে পানির নিচে মাছের পেটের ভেতর। সেই মিথোলজিকে বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে একটি ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে এই সিরিজে।”
আবার ভিকি জাহেদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, ভিকির পরিচালনায় কাজ করেই ওটিটিতে তার যাত্রা শুরু হয়েছিল। তাই আবারও একই নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে সেটি হাতছাড়া করতে চাননি।
তৌসিফ বলেন, “ভিকি জাহেদের পরিচালনায় ওটিটিতে আমার পথচলা শুরু। আবার যখন তার পরিচালনায় কাজ করার সুযোগ এল, সেটা মিস করতে চাইনি। আমি সব সময় ভালো কাজের সন্ধানে থাকি। এটিও তেমন একটি কাজ। এখনই গল্পটি বলে দিতে চাই না। তবে এটুকু বলতে পারি, দর্শকের ভালো লাগবে।”
শ্রেয়সী শ্রেয়ার ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তৌসিফ বলেন, “এই সিরিজ দিয়ে ওটিটিতে শ্রেয়ার যাত্রা শুরু হচ্ছে। আমি চাই আরও নতুন মুখ আসুক। নতুন শিল্পীরা যুক্ত হলে আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হবে।”
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করা শ্রেয়সী শ্রেয়ার অভিনয়ে অভিষেক হয় ২০২১ সালে ‘হীরার আংটি’ নাটকের মাধ্যমে। প্রথম নাটকেই মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেন তিনি। এরপর শ্যামল মাওলা, আব্দুন নূর সজল, ইমন ও শামীম হাসান সরকারের সঙ্গে বিভিন্ন নাটকে কাজ করেছেন। এবার ওয়েব কনটেন্টে অভিষেক হতে যাচ্ছে তার।
‘প্রাণভোমরা’ নিয়ে শ্রেয়া বলেন, “এই সিরিজের মাধ্যমে ওটিটিতে আমার অভিষেক হচ্ছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। অনেক দিন ধরেই সিরিজটির জন্য প্রস্তুতি নিচ্ছি। গ্রুমিং ও ট্রেনিংয়ের পাশাপাশি অনেক পড়াশোনাও করতে হচ্ছে। আমি চাই না কোনো ধরনের ঘাটতি নিয়ে কাজটি করতে। আশা করছি, পর্দায় দর্শক এর প্রতিফলন দেখতে পারবেন।”
আগামী অক্টোবর মাসে ‘প্রাণভোমরা’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে সিরিজটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনই কোনো তথ্য জানাতে চাননি নির্মাতা।