শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর প্রক্রিয়ায় বিকাশ, রবি ও বাংলালিংকের উদ্যোক্তাসহ চার প্রতিষ্ঠানকে প্রাথমিক সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক অনুমোদনের পর প্রতিষ্ঠানগুলোকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত, প্রযুক্তিগত ও অন্যান্য শর্ত পূরণ করতে পারলে এসব প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক সম্মতি দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

প্রাথমিক সম্মতি পাওয়া চার প্রতিষ্ঠান হলো—ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক ও বুস্ট ডিজিটাল ব্যাংক।

এর মধ্যে ডিজিটাল ব্যাংকিং অব ভুটানের উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক। বিকাশ ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হিসেবে রয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশের মূল শেয়ারধারীরা।

নোভা ডিজিটাল ব্যাংক গঠনের উদ্যোগে রয়েছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন এবং দেশের শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপ। অন্যদিকে, বুস্ট ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা মোবাইল অপারেটর রবি আজিয়াটার মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড।

এদিকে, আগে প্রাথমিক সম্মতি পাওয়া এসিআইয়ের ‘কড়ি ডিজিটাল ব্যাংক’-কেও নতুন করে লেটার অব ইনটেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে আবেদন আহ্বান করা হয়েছিল। ওই সময়ে দেশের বিভিন্ন শিল্পগোষ্ঠী, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর এবং মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের উদ্যোগে মোট ১৩টি আবেদন জমা পড়ে।

বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত এসব আবেদন গ্রহণ করে। তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্বে ছিলেন আহসান এইচ মনসুর। তবে প্রশাসনিকসহ বিভিন্ন জটিলতার কারণে সে সময় আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

পরে সরকার পরিবর্তনের পর আহসান এইচ মনসুরের স্থলে মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন। নতুন করে আবেদন না নিয়ে আগের জমা পড়া ১৩টি আবেদনের মধ্য থেকেই যাচাই-বাছাই করে চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক সম্মতি দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

তবে প্রাথমিক সম্মতি পাওয়ার পরই প্রতিষ্ঠানগুলো ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারবে না। এলওআই পাওয়ার পর সংশ্লিষ্ট আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এসব ধাপ সফলভাবে শেষ হওয়ার পরই পূর্ণাঙ্গ ব্যবসায়িক কার্যক্রমে যাওয়ার সুযোগ তৈরি হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন