নভেম্বরের প্রথম সাত দিনে ৮৭৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে ৫ থেকে ৭ নভেম্বর—এই তিন দিনেই এসেছে ২৩১ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ৭ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪৭ মিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসীদের পাঠানো অর্থ বেড়েছে ২৩২ মিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১২ হাজার ৩৪৪ মিলিয়ন ডলার, যা ১২ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের সমান। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১০ হাজার ৮৬৫ মিলিয়ন বা ১০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাস সাত দিনে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। এই অর্থের প্রবাহ বাড়লে বৈদেশিক মুদ্রার সরবরাহ শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে।