গোবিন্দকে অনুপম খেরের পরামর্শ, ‘ব্যক্তিগত জীবনকে ছায়া ফেলতে দেবেন না’

ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়ে গুঞ্জনের পাশাপাশি সহশিল্পী রানি স্বর্ণকারের সঙ্গে তার সম্পর্ক নিয়েও বিভিন্ন আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে গোবিন্দের পাশে দাঁড়িয়ে তাকে ব্যক্তিগত সংকট সামলে পেশাজীবনে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেতা অনুপম খের।
সাংবাদিক ফরিদুনকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দের সঙ্গে নিজের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন অনুপম খের। তিনি বলেন, গোবিন্দ তার পছন্দের অভিনেতাদের একজন এবং একসঙ্গে কাজ করা শিল্পীদের মধ্যে তাকে অন্যতম সেরা মনে করেন।
অনুপম খের বলেন, ‘আমি গোবিন্দকে খুব পছন্দ করি। যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও অন্যতম সেরা অভিনেতা। ওর সঙ্গে ১০-১২টি সিনেমায় কাজ করেছি। ইম্প্রোভাইজেশন, অভিনয়, নাচ—কোনোটিতেই ওর সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারবে না।’
গোবিন্দের ব্যক্তিগত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনার কখনোই উচিত নয় নিজের ব্যক্তিগত জীবন বা অভ্যাসকে আপনার পুরো জীবনের ওপর ছায়া ফেলতে দেওয়া।’
তবে গোবিন্দের ব্যক্তিগত বিষয় নিয়ে বিচার করার অবস্থানে নিজেকে রাখেননি অনুপম খের। তিনি জানান, একবার গোবিন্দকে ফোনও করেছিলেন। তার ভাষ্য, ‘আমি ওকে বলতে চেয়েছিলাম, এই কঠিন সময়ও কেটে যাবে।’
অভিনয়জীবনে নিজের ৪১ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে অনুপম খের বলেন, প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো ধরনের কঠিন সময় বা ট্র্যাজেডি থাকে। তার মতে, গোবিন্দ হয়তো নিজের চারপাশের পরিস্থিতি নিয়ে কিছুটা ভেঙে পড়েছেন, তবে তিনি এখনও হাল ছাড়েননি।
অনুপম খের আরও বলেন, ‘আমি প্রার্থনা করি ও যেন আবারও ঘুরে দাঁড়ায় এবং আগের চেয়ে অনেক বেশি কাজ করে।’
এদিকে সম্প্রতি মুম্বাইয়ের লালবাগচা রাজা প্যান্ডেলে ‘রূপা’ সিনেমার সহশিল্পী রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দকে পূজা দিতে দেখা যায়। এর আগে সেখানে একাই গিয়েছিলেন তার স্ত্রী সুনীতা। পরে পাপারাজ্জিদের উদ্দেশে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, ‘মানুষকে নয়, পশুদের ভালোবাসুন। মানুষ বিশ্বাসযোগ্য নয়।’
এরপর গোবিন্দের ভাগনে কৃষ্ণা অভিষেকের স্ত্রী কাশ্মীর শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে সংসার ভাঙা নারীদের প্রসঙ্গ তুলে একটি ক্ষোভের পোস্ট করেন। এসব ঘটনার পর গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
গোবিন্দ ও সুনীতা ১৯৮৭ সালে বিয়ে করেন। সাম্প্রতিক সময়ে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও গোবিন্দের ম্যানেজার শশী সিনহা তার দ্বিতীয় বিয়ের খবরের গুঞ্জন সরাসরি অস্বীকার করেছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে