শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নিরাপদ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আরএমএমআরইউয়ের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী।

সাক্ষাৎকালে অভিবাসীদের অবদানকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে একটি ‘অভিবাসন দশক’ ঘোষণার উদ্যোগের বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।

এ ছাড়া আরএমএমআরইউয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে ড. তাসনিম সিদ্দিকী আরএমএমআরইউয়ের তিন দশকের গবেষণা, মাঠপর্যায়ের কার্যক্রম ও বিভিন্ন অর্জনের বিষয়গুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শ্রম অভিবাসন, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, শরণার্থী এবং অভিবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা ও নীতিগত পর্যায়ে কাজ করছে।

এ সময় নিরাপদ ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করা, অভিবাসনসংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা বাড়ানো এবং দেশের অর্থনীতি ও সমাজে অভিবাসীদের ইতিবাচক অবদানকে উৎসাহিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনগোষ্ঠী নিয়েও আলোচনা করেন প্রতিনিধিরা। এ বিষয়ে আরএমএমআরইউয়ের গবেষণা ও নীতিগত উদ্যোগ, বাস্তুচ্যুত জনগোষ্ঠী নিয়ে জাতীয় পর্যায়ে ককাস গঠন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্যোগ তুলে ধরার বিষয়গুলো বৈঠকে স্থান পায়।

প্রতিনিধি দলে আরও ছিলেন আরএমএমআরইউয়ের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আবরার, উপ-নির্বাহী পরিচালক মোতাসিম বিল্লাহ, প্রোগ্রাম পরিচালক মারিনা সুলতানা এবং সিনিয়র রিসার্চ ফেলো মাহমুদুল হাসান রকি।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন