শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি

অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই তার বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে গালাগাল, হুমকি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অপ্রতিমের বাবা-মা।

এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ। তিনি জানান, অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, প্রথমে বিভিন্ন ফেসবুক পেজে অপ্রতিম ও তাদের পরিবারকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়। এরপর অজ্ঞাত কয়েকটি নম্বর থেকে তাদের দুজনের মোবাইলে ফোন করে গালাগাল, হুমকি ও অশোভন আচরণ করা হচ্ছে। এতে তারা দুজনই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় থানায় জিডি করেছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে ফিরোজ শাহরিয়ারের মোবাইলে ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় দেওয়ার পর ফিরোজকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। একপর্যায়ে ফোনটি কেটে দেওয়া হলেও পরে আরও কয়েকটি নম্বর থেকে একাধিকবার কল আসে। পরে নম্বরগুলো ব্লক করে দেওয়া হয়।

এদিকে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় শুক্রবার থেকে নিজের মোবাইল নম্বর বন্ধ রেখেছেন অপ্রতিমের মা নাহিদা বেগম।

তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

যেভাবে হত্যা করা হয় অপ্রতিমকে

গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি। পরে তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের জিডি করেন।

নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের পাশের সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তদন্ত অনুযায়ী, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় চারজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাদের শনাক্ত করে আটক করা হয়েছে। পরে অপ্রতিমের বাবার দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাদের মধ্যে সিয়াম ছাড়া অন্য তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অপ্রতিম হত্যাকাণ্ডের পর নতুন করে তার পরিবারের সদস্যদের হুমকি ও সাইবার হয়রানির অভিযোগে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন