শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সীতাকুণ্ডে দুই কোর্ট ফাইলে মিলল প্রায় ২০ হাজার ইয়াবা

সীতাকুণ্ডে দুই কোর্ট ফাইলে মিলল প্রায় ২০ হাজার ইয়াবা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রীর মতোই যাচ্ছিলেন মো. শহিদুল ইসলাম (৪২)। সঙ্গে থাকা দুটি কোর্ট ফাইল দেখে নথিপত্র বহনের বিষয়টি স্বাভাবিক মনে হলেও ফাইল দুটির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ ইয়াবা। সীতাকুণ্ডে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।

গ্রেপ্তার শহিদুল ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার আলী মিয়ার ছেলে। এসআরবির দাবি, তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি জানতে পারে, চট্টগ্রাম শহর থেকে একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান ঢাকার দিকে নেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকাল সোয়া ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

পরে পৌনে ১১টার দিকে মহিউদ্দিন মেরিন ইঞ্জিন স্টোরের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাস পৌঁছালে সেটিকে থামার সংকেত দেন এসআরবি সদস্যরা। বাসে তল্লাশি চালানোর একপর্যায়ে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামকে আটক করা হয়।

এসআরবি জানায়, তার কাছে থাকা অ্যাশ রঙের দুটি কোর্ট ফাইল খুলে কসটেপে মোড়ানো নীল রঙের পলিজিপার প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলোতে থাকা মোট ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এ মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার শহিদুল ইসলাম ও জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন