তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স

ফ্রান্সের জার্সিতে ১৯৯৮ বিশ্বকাপ জিতেছিলেন জিনেদিন জিদান। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে আসার পর থেকেই জাতীয় দলের দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখছিলেন কিংবদন্তি এই ফুটবলার। ২০২৬ বিশ্বকাপের পর দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়ার পর সেই সুযোগ আসে। আর জাতীয় দলের কোচ হিসেবে প্রথম ম্যাচেই দারুণ এক কীর্তি গড়লেন জিদান।
শুক্রবার দিবাগত রাতে উয়েফা নেশন্স লিগের প্রথম রাউন্ডে স্বাগতিক তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ের ফলে ১৯৯৪ সালের পর প্রথমবার জাতীয় দলের নতুন কোনো কোচ অভিষেক ম্যাচেই জয় পেলেন। সর্বশেষ এমন নজির গড়েছিলেন আইমে জ্যাকে।
১৯৯৪ সালের ১৬ ফেব্রুয়ারি নেপলসে ইতালির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন জ্যাকে। ওই ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন জিদানের সাবেক সতীর্থ ইউরি জর্কেফ।
জ্যাকের পর জিদানের আগে ফ্রান্সের কোচের দায়িত্বে এসেছিলেন আরও পাঁচজন। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের তথ্য অনুযায়ী, তাদের কেউই প্রথম ম্যাচে জয় পাননি। ১৯৯৮ সালে রজার লেমেরের অভিষেকে অস্ট্রিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে ফ্রান্স। ২০০২ সালে জ্যাক সান্তিনির প্রথম ম্যাচে তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলে সমতা হয়।
২০০৪ সালে রেমন্ড ডোমেনেখের অভিষেকেও বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে ফ্রান্স। ২০১০ সালে লরাঁ ব্লাঁর প্রথম ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হারে দলটি। এরপর ২০১২ সালে দিদিয়ের দেশমের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ফ্রান্স।
জিদানের কোচিং অভিষেকের সঙ্গে অবশ্য পুরোনো এক যোগসূত্রও রয়েছে। ১৯৯৪ সালের আগস্টে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচে তাকে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন কোচ আইমে জ্যাকে।
অভিষেক ম্যাচের পর জিদান নিজের অনুভূতি জানিয়ে বলেন, জয় দিয়ে শুরু করা কখনোই সহজ নয়, বিশেষ করে তুরস্কের মাঠে। তবে তার দল পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে বলেও জানান তিনি।
টিএফ১-কে জিদান বলেন, ‘অনেক আবেগ কাজ করছে। এটি প্রথম ম্যাচ, আর জয় দিয়ে শুরু করা কখনোই সহজ নয়, বিশেষ করে তুরস্কের মাঠে। আমার মনে হয়, আমাদের যে ধরনের ম্যাচ খেলা দরকার ছিল, আমরা সেটাই খেলেছি। আমরা প্রতিপক্ষকে খেলতে দিইনি। বেশ উঁচু জায়গা থেকে তাদের প্রেস করেছি এবং বল পুনরুদ্ধারের সময় খুবই আগ্রাসী ছিলাম। বল পায়ে থাকলে কী করতে হবে, সেটিও আমরা ঠিকভাবে করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা মাত্র সাড়ে তিনটি অনুশীলন সেশন একসঙ্গে করেছি। তারপরও আমি অনেক ইতিবাচক দিক দেখেছি। এটি খুবই উৎসাহব্যঞ্জক। খেলোয়াড়রা যা করেছে, তাতে আমি সন্তুষ্ট। আর এই অভিষেকটা এভাবে হওয়ায় আমি খুশি।’