প্রধানমন্ত্রীর স্ত্রী জোবাইদাও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। এর আওতায় দেশের ৪ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না এবং পর্যায়ক্রমে সবাই এ সুবিধার আওতায় আসবেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।”
বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের জলোচ্ছ্বাসের পর দীর্ঘ সময় এ অঞ্চলের মানুষ বড় ধরনের কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি। আকস্মিক ভারী বর্ষণে বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ায় বন্যা দেখা দেওয়ায় স্থানীয় মানুষ অসহায় হয়ে পড়েন। এমন পরিস্থিতি মোকাবিলায় এ অঞ্চলের মানুষেরও আগের অভিজ্ঞতা ছিল না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বন্যার সময় জেলা প্রশাসন ও সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। সেই প্রচেষ্টায় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সরকারের পক্ষ থেকে তিনি ক্ষমা চান।
মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছেন বলে তিনি মনে করেন। তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়া জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এখন তারেক রহমানও জাতিসংঘে ভাষণ দেবেন।
এটি অতীতে কেউ করতে পারেননি এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।