ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা

ভিসার অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা কিংবা ভিসার শর্তের বাইরে কোনো কার্যক্রমে জড়ালে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিসা-সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় কতদিন থাকা যাবে এবং কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
মার্কিন দূতাবাস জানায়, অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা হলে বা সংশ্লিষ্ট ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কাজে যুক্ত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ হতে পারে।
তাই ভিসাধারীদের নির্ধারিত সময়সীমা ও ভিসার শর্ত মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।