জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে দায়িত্বশীল ও কঠোরভাবে কাজ করতে হবে। কোনো কর্মকর্তা জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না।
শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৯৮ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনবান্ধব আচরণ করতে হবে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হতে পারে। অধস্তনদের ক্ষেত্রেও এমন আচরণে প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি বলেন, পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অবহেলা ও দায়িত্বহীনতার কিছু ঘটনা তাঁদের নজরে এসেছে। পাশাপাশি ফ্যাসিবাদী শক্তিকে কেউ কেউ গোপনে তথ্য বা অন্যভাবে সহযোগিতা করছে—এমন তথ্যও রয়েছে। এসব বিষয়ে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধের ক্ষেত্রে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, প্রয়োজন হলে ফৌজদারি আইনে পদক্ষেপও নেওয়া হবে। বিভাগীয় শাস্তি, তিরস্কারসহ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।