তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন বলে যে অভিযোগ করেছেন, তা ভিত্তিহীন বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দিদের রাতে কারাগারের বাইরে নিয়ে গিয়ে ভোরে ফেরত আনার অভিযোগও অস্বীকার করেছে তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, তানভীরের অভিযোগগুলো যাচাই-বাছাই করে কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে তার ওপর শারীরিক বা মানসিক নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো কারা কর্মকর্তা-কর্মচারী তার সঙ্গে অসদাচরণ করেছেন বলেও প্রমাণ মেলেনি বলে দাবি করা হয়।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট বগুড়া জেলা কারাগারে নেওয়ার পর সেখানে বন্দি ছিলেন তানভীর। অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার কারণে উন্নত চিকিৎসার জন্য ৭ সেপ্টেম্বর তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। এরপর ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে কারাগার ও রিমান্ডে নির্যাতনের অভিযোগ তোলেন তানভীর। তার দাবি, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগার ও পুলিশ হেফাজতে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। চিকিৎসার নামে তাকে অজ্ঞাত ওষুধ দেওয়ার পাশাপাশি ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়ার অভিযোগও করেন তিনি।
তানভীর আরও অভিযোগ করেন, বগুড়া জেলা কারাগারে তাকে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন একটি সেলে রাখা হয়েছিল। কারাগারে আওয়ামী লীগের নেতাদের বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি রাতে তাদের গাড়িতে করে বাইরে নিয়ে গিয়ে ভোরে আবার ফিরিয়ে আনা হতো বলেও দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে বগুড়া কারা কর্তৃপক্ষ বলেছে, কোনো বন্দিকে রাতে কারাগার থেকে বাইরে নিয়ে গিয়ে ভোরে ফিরিয়ে আনার ঘটনা সেখানে ঘটেনি। এ ধরনের বক্তব্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত’ বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অভিযোগের কারণে কারা বিভাগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তানভীরের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
প্রকৃত তথ্য যাচাই না করে কারাগারের মতো স্পর্শকাতর একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।