সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের জন্য আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী সপ্তাহেই এ ইউনিট গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী সপ্তাহে একটি আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এর জন্য পুলিশ সদর দপ্তরে একজন অতিরিক্ত আইজিপির পদ প্রয়োজন হলে সেটিও সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।’
তিনি জানান, নতুন ইউনিটের কার্যক্রম মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটকে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে শক্তিশালী করা হবে। আর বড় ধরনের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় বিশেষায়িত সুবিধা পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রকল্প প্রণয়নের জন্য আমি কয়েক সপ্তাহ আগেই নির্দেশ দিয়েছি। যেসব বিষয় জটিল হবে, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে আনা হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন বিষয়গুলো সেখানেই মোকাবিলা করা হবে।’
সাইবার অপরাধের ধরন সম্পর্কে তিনি বলেন, ‘সাইবার স্পেস ব্যবহার করে যেসব অপরাধ হচ্ছে, তা আধুনিক অপরাধ প্রবণতার একটি গুরুত্বপূর্ণ দিক। কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যামভিত্তিক হতে পারে। সে কারণে এ বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’
এ সময় পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ’ রাখার অভিযোগ তুলে তাদের সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কেউ এ ধরনের যোগাযোগের মাধ্যমে বিভিন্ন তথ্য সরবরাহসহ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।