অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটির সিদ্ধান্তে সিনেমাটিকে বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএসের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম চূড়ান্তভাবে নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।
কমিটি সূত্র জানিয়েছে, ৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। সিনেমাগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।
পরে ‘মানুষের বাগান’ সিনেমাটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। এরপর বাকি চারটি সিনেমা বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করে ‘রইদ’কে অস্কারের জন্য বাংলাদেশের সিনেমা হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেয় কমিটি।
অস্কার বাংলাদেশ কমিটির ছয় সদস্যের মধ্যে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মোহাম্মদ জহিরুল ইসলাম কচি। কমিটির অন্য সদস্যরা হলেন—সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
‘রইদ’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার প্রত্যাশা করছে আয়োজক কমিটি।