হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪১ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪২ জন, রাজশাহীতে ৩০ জন, সিলেটে ১৫৩ জন, চট্টগ্রামে ৩৩৮ জন, বরিশালে ১২৭ জন, ময়মনসিংহে ১২২ জন, খুলনায় ৯৩ জন এবং রংপুরে ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ২১ হাজার ২১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।