টিভির পর্দায় ফের একসঙ্গে অমিতাভ-মাধুরী, থাকছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এ

দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিতকে। তবে এবার কোনো সিনেমায় নয়, টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বিশেষ পর্বে হাজির হবেন তারা।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এ মাধুরী তার মারাঠি কুইজ শো ‘কৌন হুনার ক্রোড়পতি’-এর প্রচারে অংশ নেবেন। আন্তর্জাতিক বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই অমিতাভ ও মাধুরীকে নিয়ে বিশেষ পর্বটির শুটিং হওয়ার কথা রয়েছে।
‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে মাধুরীর উপস্থিতি অবশ্য নতুন নয়। ২০০১ সালে প্রথমবার অতিথি হিসেবে এই অনুষ্ঠানে এসেছিলেন তিনি। ওই পর্বে ৫০ লাখ রুপি জিতেছিলেন অভিনেত্রী। এরপর ২০১০ সালে প্রচারিত শোটির চতুর্থ সিজনেও তাকে দেখা যায়। এবার তৃতীয়বারের মতো অমিতাভের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশ নিতে যাচ্ছেন তিনি।
অমিতাভ ও মাধুরীর ভক্তদের জন্য এই পুনর্মিলন বিশেষ আকর্ষণের হতে পারে। দুজনকে একসময় বড় পর্দায় জুটি হিসেবে দেখার আগ্রহও ছিল দর্শকদের মধ্যে। ১৯৮৯ সালে নির্মাতা তিনু আনন্দ তাদের নিয়ে ‘শনাক্ত’ নামে একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সেই প্রকল্প আলোর মুখ দেখেনি।
পরে ১৯৯৮ সালের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সিনেমার ‘মাখানা’ গানে একসঙ্গে দেখা যায় অমিতাভ ও মাধুরীকে। এরপর দীর্ঘ বিরতির পর এবার টেলিভিশনের পর্দায় একই অনুষ্ঠানে হাজির হচ্ছেন তারা।
এদিকে ৮৩ বছর বয়সেও অভিনয় ও টেলিভিশনের কাজে সক্রিয় রয়েছেন অমিতাভ বচ্চন। বর্তমানে তিনি কমল হাসানের সঙ্গে ‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।