দেশে এলপিজির সংকট নেই, মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, পর্যাপ্ত সরবরাহ ও মজুত থাকা সত্ত্বেও কেউ অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে বাজারে অস্থিরতা বা জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান জানান, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আমদানি হয়েছে আরও ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক।
তিনি বলেন, দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত মতবিনিময় সভায় তারা এ তথ্য দেন।
তবে পর্যাপ্ত মজুতের মধ্যেও দেশের বিভিন্ন স্থানে এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ যাতে এলপিজি মজুত করে বাজারে কৃত্রিম সংকট বা জনঅসন্তোষ তৈরি করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেছেন জ্বালানি মন্ত্রী।
জাহেদ উর রহমান আরও বলেন, বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বর্তমানে এক ধরনের জল্পনামূলক প্রবণতা দেখা যাচ্ছে। এর প্রভাবেও কিছু পণ্যের দাম বাড়তে পারে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।