বিদেশে বাংলাদেশি মিশন ব্যবহারে এমপিদের জন্য নতুন নির্দেশনা

বিদেশ সফরে গিয়ে বাংলাদেশি মিশন বা চ্যান্সেরি ব্যবহারের বিষয়ে সংসদ সদস্যদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন কোনো সংসদ সদস্য বিদেশে বাংলাদেশের মিশনে বৈঠক, সভা বা অনুষ্ঠান আয়োজনের জন্য মিশনের চ্যান্সেরি ব্যবহারের অনুরোধ করলে তা আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানাতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. নুরুল ইসলাম বিদেশে বাংলাদেশের মিশনপ্রধানদের কাছে পাঠানো এক ‘গোপন বার্তায়’ এ নির্দেশনা দেন।
বার্তায় বলা হয়, সংসদ সদস্যরা বিভিন্ন সময়ে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় মিশনের চ্যান্সেরিতে বৈঠক করার পাশাপাশি স্বাগতিক দেশের সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সভা কিংবা বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য মিশনের সুবিধা ব্যবহারের অনুরোধ করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, এ ধরনের কোনো অনুষ্ঠান আয়োজন বা মিশনের চ্যান্সেরি ব্যবহারের অনুরোধ সরাসরি বিদেশস্থ মিশনের কাছে না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানাতে হবে। একইভাবে সংশ্লিষ্ট বিষয়ে সংসদ সদস্যদের কাছে প্রয়োজনীয় বার্তাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই পৌঁছাতে হবে।
বিদেশে বাংলাদেশের সব মিশনপ্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে ওই বার্তায়।