রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভাঙচুরের শিকার ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ পুনর্নির্মাণ এবং জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, প্রাথমিক সহায়তা হিসেবে হাসপাতালকে ৫০ লাখ টাকা দেওয়া হচ্ছে। এটি শুরু, শেষ নয়। এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।
পরিদর্শনকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বাস্থ্য খাতের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। ঢাকায় দিনের বেলায় অস্ত্র হাতে বাড়ি দখল এবং স্টুডিওতে হামলার মতো ঘটনায় অসন্তোষ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বা পৃষ্ঠপোষকতা ছাড়া এত বড় অপরাধ করার সাহস কেউ পাবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নিজের দলের কেউ জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
স্বাস্থ্য খাতে জনবল সংকটের কথাও তুলে ধরেন জামায়াত আমির। অর্ধেকেরও কম জনবল নিয়ে চলা স্বাস্থ্যসেবায় চিকিৎসক ও নার্সদের লাঞ্ছনার ঘটনা বন্ধ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রে সরকারকে মানবিক ও যৌক্তিক আচরণ করার তাগিদ দেন।