বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক

গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত স্বীকৃতি বাড়াতে এ বছর বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মাহ্দী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষক ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেতেন। এবার নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন কৃতি শিক্ষককে এ সম্মাননার আওতায় আনা হচ্ছে।
তিনি জানান, ইউনেস্কো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৫ অক্টোবর আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নির্বাচিত শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে।
সম্মাননার আওতা সম্পর্কে উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থার শিক্ষকরা থাকছেন। পাশাপাশি কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিসহ বিভিন্ন বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকেও গুণী শিক্ষকদের নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষকেরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি আত্মমর্যাদাশীল জাতি গঠনে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ।
মাহ্দী আমিন আরও বলেন, আধুনিক ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং টেকসই শিক্ষা নীতি প্রণয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার।
সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।