চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পদোন্নতি পাওয়া তিন ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারীর ডিসি, একই বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর ডিসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পিরোজপুরের বর্তমান ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই তিন কর্মকর্তা সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এ কারণে তাদের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নতুন পদে বদলি করা হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী, উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।