নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয়

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফ্যাশন ও গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও মডেল তানিয়া মিশ্রা। নিয়মিত নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করে নেটিজেনদের নজর কাড়ছেন তিনি। ভক্তদের একাংশের কাছে ইতোমধ্যে ‘নিউ ন্যাশনাল ক্রাশ’ হিসেবেও পরিচিতি পাচ্ছেন এই তরুণী।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তার বাইরেও কয়েক বছর ধরে মডেলিং ও অভিনয়ে কাজ করছেন তানিয়া। বিহারের গয়া থেকে উঠে আসা এই অভিনেত্রী ‘তান্যা মিশ্রা’ নামেও পরিচিত। ১৯৯৯ সালের ৩১ জানুয়ারি জন্ম তার। ম্যাগধ বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ডিগ্রি অর্জনের পর বিনোদন জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি।

মডেলিংয়ের মাধ্যমে পেশাগত যাত্রা শুরু তানিয়ার। ২০১৯ সালের ‘আইএডব্লিউএ মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতিতে অংশ নিয়ে চতুর্থ রানার-আপ হন। এরপর ‘ফেমিনা’, ‘ফিল্মফেয়ার’ ও ‘গ্রাজিয়া’র মতো জনপ্রিয় ফ্যাশন ও বিনোদনভিত্তিক প্রকাশনার সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি।
বড় পর্দায় তানিয়ার অভিষেক হয় ‘গজনভি’ সিনেমায়। সেখানে নেহা চরিত্রে অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ওয়েব কনটেন্টেও কাজ করেছেন এই অভিনেত্রী। ‘চিড়িয়া উড়’ ওয়েব সিরিজে জ্যাকি শ্রফ, সিকন্দর খের ও ভূমিকা চাওলার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও নিয়মিত দেখা যাচ্ছে তানিয়াকে। ‘নখরো’ ও ‘তু মেরা হো জায়েগা’সহ কয়েকটি গানের ভিডিওতে অভিনয় করেছেন তিনি। এবার রোমান্টিক ঘরানার গান ‘সফর মোহব্বত কা’তেও দেখা যাবে তাকে।
তবে সাম্প্রতিক সময়ে তানিয়ার পরিচিতি বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগমাধ্যম। ফ্যাশন, জীবনযাপন ও ব্যক্তিগত স্টাইলের নানা মুহূর্তের ছবি নিয়মিত ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। তার এসব পোস্টে নেটিজেনদের আগ্রহও বাড়ছে।

বর্তমানে ইনস্টাগ্রামে তানিয়া মিশ্রার অনুসারীর সংখ্যা প্রায় ১২ লাখ। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাকে বিনোদন অঙ্গনের আলোচিত তরুণ মুখগুলোর একজন করে তুলেছে।