জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির

জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, এআইয়ের ব্যবহার যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি জনকল্যাণে পরিমিত ও দায়িত্বশীলভাবে এ প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
রাষ্ট্রপতি আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এআইয়ের পাশাপাশি ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতেও বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় আরও সক্রিয় হতে হবে।
সাক্ষাৎকালে কুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম ও বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, উন্নত শিক্ষার সুযোগ শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। এ জন্য শিক্ষা ব্যবস্থায় আরও বিকেন্দ্রীকরণ প্রয়োজন।
জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে কুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ কুয়েটের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।